আয়কর কামানের উপায়; কেবল সঠিক ভাবে আয়কার রিটার্ন জমা দিয়েই!

আমরা সবাই আয়কর কমানের উপায় খুঁজি। তবে মজার বিষয় হলো কেবল সঠিক ভাবে আয়কার রিটার্ন জমা দিয়েই কিন্তু আপনি আপনার আয়কর কমাতে পারবেন!

আমরা যারা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আমাদের প্রায় সকলকেই টিন (TIN) নিতে হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬১ অনুযায়ী করদাতা হিসেবে নিবন্ধনের বিধান আছে, আর ধারা ১৬৬ অনুযায়ী নির্দিষ্ট শর্তে রিটার্ন দাখিল করা আমাদের জন্য বাধ্যতামূলক। রিটার্ন না দিলে বা কর না দিলে আইনে জরিমানা ও সুদের বিধান আছে। এ ছাড়া ধারা ২৬৪ অনুযায়ী কিছু সেবা ও লাইসেন্সের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হয়। সেটি দেখাতে না পারলে কাজ আটকে যেতে পারে।

তবে এখন যেহেতু খুব সহজেই অনলাইনে রিটার্ন দেওয়া যায়, অনেকেই বাসায় বসেই আয়কর রিটার্ন দাখিল করেন। এটি খুবই ভালো একটি বিষয়। সমস্যা হচ্ছে, আমরা অনেকেই ফর্ম পূরণ করতে পারি ঠিকই, কিন্তু জেনে-বুঝে করি না। কেউ একটা জানি তো আরেকটা জানি না, আবার কেউ সরল ভুল করে বসি। ফলে যেখানে আইনগতভাবেই কম ট্যাক্স আসার কথা, সেখানে বেশি ট্যাক্স চলে আসে। আজকের আর্টিকেলটি এই বিষয় নিয়েই।

Adv Rayhanul Islam

লেখক: মো: রায়হানুল ইসলাম।
এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

 

একজন আয়কর আইনজীবী হিসেবে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, প্রতি ১০ জনের ৯ জন কোনো না কোনো ভুল করেন এবং প্রয়োজনের চেয়ে বেশি কর দেন। তাই রিটার্ন দেওয়ার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কোন কোন বিষয় দেখালে আপনার আয়কর আইনসম্মতভাবে কম আসবে, সেটি বাস্তব অভিজ্ঞতার আলোকে এখানে তুলে ধরছি।

১. চাকরিজীবীদের জন্য আয়ের হিসাব ও ছাড়

যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন, তাদের আয়ের পুরোটাই কিন্তু করের আওতায় পড়ে না।

  • করমুক্ত সীমা: ২০২৬-২৭ করবর্ষে সাধারণ ব্যক্তি করদাতার প্রথম ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের ওপর করহার শূন্য। এর বেশি আয় হলে বাকি অংশে স্লাব অনুযায়ী কর বসে।
  • বেতনের ছাড়: বেতন থেকে আয়ের হিসাব হয় আয়কর আইনের ধারা ৩২ অনুযায়ী। এই বেতন আয়ের এক-তৃতীয়াংশ করমুক্ত, তবে এর সর্বোচ্চ সীমা ৪,৫০,০০০ টাকা।
  • যাতায়াত ও ভাতা: অফিসের কাজে যাতায়াত, ভ্রমণ কিংবা দৈনিক ভাতা হিসেবে যা পান, তা ট্যাক্সমুক্ত হতে পারে। তবে সব ভাতা করমুক্ত নয়, তাই প্রতিটি ভাতার ধরন দেখে নিন।
  • টিডিএস (TDS) বা উৎসে কর: চাকরিরত অবস্থায় প্রতিষ্ঠান বেতন দেওয়ার সময় যে কর কেটে রেখেছে, রিটার্নে তার সঠিক তথ্য দিয়েছেন কি না নিশ্চিত করুন।
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি: এই খাতগুলোর তথ্য সঠিকভাবে ইনপুট দিন। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে চাঁদা কর রেয়াত পাওয়ার ক্ষেত্রেও কাজে লাগতে পারে।

একটি উদাহরণ: ধরুন, আপনার বার্ষিক মোট বেতন ১২,০০,০০০ টাকা। এক-তৃতীয়াংশ হয় ৪,০০,০০০ টাকা, যা সর্বোচ্চ সীমার মধ্যে। তাই করযোগ্য বেতন দাঁড়ায় ৮,০০,০০০ টাকা।

উৎসে করের একটি উদাহরণও দেখি। আপনার মোট কর দায় যদি ২০,০০০ টাকা হয় এবং উৎসে কর কাটা হয়ে থাকে ১২,০০০ টাকা, তাহলে আপনাকে বাকি ৮,০০০ টাকা দিতে হবে। উৎসে করের তথ্য বাদ পড়লে পুরো ২০,০০০ টাকা দিতে হয়ে যেতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: প্রতিষ্ঠানের দেওয়া কর কর্তনের সনদ রিটার্নের আগে মিলিয়ে নিন।

আমার অভিজ্ঞতায়: রিটার্নে সবচেয়ে বেশি যে বিষয়টি বাদ পড়তে দেখি, তা হলো উৎসে করের তথ্য। কর কাটা হয়েছে, কিন্তু সনদ হাতে নেই বা রিটার্নে দেখানো হয়নি। আবার অনেকে ফর্মে যা এসেছে তা-ই ধরে নেন, করমুক্ত অংশটি ঠিকমতো ধরা হয়েছে কি না মিলিয়ে দেখেন না।

২. বাড়ির মালিক ও ভাড়ার আয়

আপনার যদি কোনো বাড়ি থাকে এবং সেখান থেকে ভাড়া পান, তবে হিসাব করার সময় কিছু খরচ বাদ দেওয়ার সুযোগ আছে।

  • রক্ষণাবেক্ষণ খরচ: বাড়ির মেইনটেন্যান্স বা মেরামত খরচ বাদ দেওয়ার পর যে লভ্য অংশ থাকে, শুধু তার ওপর ট্যাক্স নির্ধারণ হবে।
  • বাদ দেওয়ার হার: মেরামত, সংস্কার, হোল্ডিং ট্যাক্স ও সার্ভিস চার্জের মতো খরচ আইনে নির্ধারিত হারে বাদ যায়। আবাসিক ও বাণিজ্যিক বাড়ির ক্ষেত্রে এই হার আলাদা হতে পারে।
  • গৃহ নির্মাণ ঋণ: বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকলে এবং তার সুদ পরিশোধ করে থাকলে, সেই সুদও নির্ধারিত শর্তে আপনার ব্যয় হিসেবে যুক্ত হবে।

ভাড়ার চুক্তি, ব্যাংকের কাগজ ও পরিশোধিত খরচের রশিদ সংরক্ষণ করুন। ভাড়া থেকে আয়ের হিসাব আলাদা রাখলে রিটার্নের সময় ভুল কম হয়।

আমার অভিজ্ঞতায়: ভাড়ার আয় নিয়ে আসা অনেকের কাছেই খরচের কাগজ থাকে না। ফলে আইনে যে বাদ পাওয়ার সুযোগ আছে, সেটি নিতে গিয়ে প্রমাণ দেখাতে পারেন না।

৩. কৃষি আয় থেকে সাশ্রয়

কৃষি খাত থেকে আয় থাকলে হিসাবটি তুলনামূলক সহজ:

  • করমুক্ত অংশ: কৃষি আয়ের একটি অংশ করমুক্ত থাকে।
  • ব্যয় দেখানোর সুযোগ: সীমা ছাড়ালে কৃষিপণ্য উৎপাদনের নির্ধারিত ব্যয় বাদ দিয়ে বাকি আয়ের ওপর কর ধার্য হবে। কৃষি উৎপাদনের জন্য নেওয়া ঋণের সুদও এখানে ব্যয় হিসেবে গণ্য হতে পারে।

কৃষি আয়ের হিসাব সব সময় আলাদা রাখুন।

৪. ব্যবসা থেকে আয়ের ক্ষেত্রে যা মাথায় রাখবেন

ব্যবসা থেকে আয় হিসাব করার সময় সঠিক খরচ ও ছাড় দেখানো অত্যন্ত জরুরি:

  • ব্যয়ের খাতসমূহ: কাঁচামাল ক্রয়, পণ্য কেনা, প্রশাসনিক খরচ ও বিজ্ঞাপনের খরচ নির্দিষ্ট হারে বাদ দেওয়া যায়। কোন খাতে কত শতাংশ ব্যয় করা যাবে, তা আইনে স্পষ্টভাবে বলা আছে।
  • অবচয় ভাতা (Depreciation): ব্যবসার জন্য কেনা মেশিনারি বা কম্পিউটারের মতো ডিভাইসের মূল্য আয়ু অনুযায়ী ধীরে ধীরে কমে যায়। এই অবচয় ভাতা খরচ হিসেবে দেখালে আপনার নিট লাভ কমবে, ফলে আয়করও কম আসবে।
  • টিডিএস ও অগ্রিম কর: উৎসে কর দিয়ে কোনো পণ্য কিনলে বা আয়ের ওপর কর কাটা হলে তা অগ্রিম ট্যাক্স হিসেবে গণ্য হয়। রিটার্নে এই তথ্য দিলে আপনার মূল আয়কর কমে যাবে।

বিশেষ দ্রষ্টব্য: আন্দাজে খরচ দেখাবেন না, প্রতিটি খরচের ভাউচার রাখুন।

আমার অভিজ্ঞতায়: ব্যবসায়ীদের মধ্যে অবচয় ভাতা বাদ পড়ার ঘটনা প্রায়ই চোখে পড়ে। আবার উল্টো দিকে, ভাউচার ছাড়া খরচ দেখাতেও দেখি। দুটোই ক্ষতির কারণ হতে পারে।

৫. আর্থিক পরিসম্পদ থেকে আয়

ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা বন্ড থেকে আয় হলে সাধারণত নির্ধারিত হারে উৎসে কর কেটে রাখা হয়। এটি আপনার অগ্রিম আয়কর। রিটার্নে এটি সঠিকভাবে উল্লেখ করলে আপনার অতিরিক্ত ট্যাক্সের বোঝা অনেকাংশেই কমে যাবে। কর্তনের সার্টিফিকেট বা ব্যাংক স্টেটমেন্ট হাতের কাছে রাখুন।

৬. সবচেয়ে জাদুকরী বিষয়: ট্যাক্স রিবেট (কর রেয়াত)

ট্যাক্স রিবেট (Tax Rebate) মানে করের ওপর বিশেষ ছাড়। সঞ্চয়পত্র, ডিপিএস (DPS), স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমার প্রিমিয়াম, শেয়ার বাজারে বিনিয়োগ কিংবা বিভিন্ন তহবিলে দান করলে আপনি এই ছাড় পেতে পারেন।

সহজ কথায় ২০২৬-২৭ করবর্ষে রিবেট হিসাব করার নিয়মটি হলো, নিচের তিনটির মধ্যে যেটি সবচেয়ে কম, সেটিই আপনার রেয়াত:

  1. আপনার মোট আয়ের ৩%, অথবা
  2. আপনি যা ইনভেস্ট বা দান করেছেন তার ১০%, অথবা
  3. সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা।

উদাহরণ: মোট আয় ১০,০০,০০০ টাকা, অনুমোদিত বিনিয়োগ ২,০০,০০০ টাকা।

হিসাব অঙ্ক
মোট আয়ের ৩% ৩০,০০০ টাকা
বিনিয়োগের ১০% ২০,০০০ টাকা
সর্বোচ্চ সীমা ৭,৫০,০০০ টাকা
আপনার রেয়াত (সর্বনিম্নটি) ২০,০০০ টাকা

উল্লেখ্য, আগের বছরে নিয়ম ছিল বিনিয়োগের ১৫% ও সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা। আগের বছরের হিসাব ধরে এবারের রিটার্ন করবেন না।

আরেকটি কথা মনে রাখতে হবে। আয়বর্ষ চলে ১ জুলাই থেকে ৩০ জুন। বিনিয়োগ সেই আয়বর্ষের মধ্যেই করতে হয়, তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগেভাগে পরিকল্পনা করুন।

রেয়াত নিলেই কর শূন্য হয়ে যাবে, এমনটিও সব ক্ষেত্রে নয়। করমুক্ত সীমার ওপরে আয় আছে এমন করদাতার ক্ষেত্রে আইনে ন্যূনতম আয়কর (Minimum Tax) নির্ধারিত আছে। রেয়াতের পর প্রদেয় কর ন্যূনতম করের চেয়ে কম, শূন্য বা ঋণাত্মক হলেও ন্যূনতম করটি দিতে হবে। এলাকাভেদে এর পরিমাণ আলাদা, তাই রিটার্ন দেওয়ার আগে এনবিআরের সর্বশেষ নির্দেশিকা দেখে নিন।

আমার অভিজ্ঞতায়: অনেকে বিনিয়োগ করেও রেয়াত দাবি করতে ভুলে যান। আবার কেউ আগের বছরের হার ধরে হিসাব করেন। নিয়ম প্রতি বছর বদলাতে পারে, তাই “গতবার যা ছিল, এবারও তা-ই” ধরে নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। আর “রেয়াত নিলেই তো কর শূন্য” ধারণা নিয়ে যারা আসেন, তারা ন্যূনতম করের কথা জেনে বিস্মিত হন।

শেষ কথা: পেশাদার সাহায্য নিন

ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটি জটিল মনে হতে পারে। তাই না বুঝে তাড়াহুড়ো করে ভুল তথ্য দিয়ে রিটার্ন দাখিল করবেন না। এতে বর্তমান ও ভবিষ্যৎ উভয় ক্ষেত্রেই ঝামেলা তৈরি হতে পারে। এই লেখাটি সাধারণ তথ্যের জন্য। প্রতিটি করদাতার পরিস্থিতি আলাদা।

এই বিষয়গুলো না বুঝলে একজন প্র্যাকটিসিং আয়কর আইনজীবীর পরামর্শ নিন। এটি আপনার আয়কর বাঁচাবে এবং ভবিষ্যৎ সুরক্ষিত করবে।

আরো দেখুন: আয়কর রিটার্নের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন

Rayhanul Islam

রায়হানুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ল হেল্প বিডির প্রধান লেখক ও সম্পাদক। তার আইন পেশার পাশাপাশি তিনি আইনকে সহযে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি, মনোবিজ্ঞান এবং দর্শনে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রয়োজনে: rayhan@lawhelpbd.com more at lawhelpbd.com/rayhanul-islam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!