কোম্পানি ও পার্টনারশিপ নিবন্ধনে আরজেএসসির নতুন নিয়ম – eBRS -২০২৬

আপনি যদি বাংলাদেশে নতুন কোনো কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করতে চান, তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) তাদের নিবন্ধন কার্যক্রমের জন্য নতুন একটি অনলাইন সিস্টেম চালু করেছে, যার নাম eBRS (Electronic Business Registration System)।

আগে RJSC-এর যে অনলাইন পোর্টালের মাধ্যমে কোম্পানি ও পার্টনারশিপ নিবন্ধনের আবেদন করতে হতো, সেটি ছিল বেশ পুরোনো। অনেক সময় বিভিন্ন কারিগরি সমস্যার কারণে আবেদন করা, প্রয়োজনীয় তথ্য আপলোড করা কিংবা পেমেন্ট সম্পন্ন করতে ভোগান্তিতে পড়তে হতো। এবার নতুন একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এখন থেকে কোম্পানি ও পার্টনারশিপের নামের ছাড়পত্র থেকে শুরু করে নিবন্ধনের আবেদন এবং নিবন্ধন সনদ সংগ্রহের কার্যক্রম এই নতুন পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে।

তবে নতুন এই সিস্টেমে শুধু ওয়েবসাইট পরিবর্তন হয়নি; বরং বেশ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে। বিশেষ করে NID, TIN, আয়কর রিটার্ন, নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা যাচাইয়ের বিষয়গুলো এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আজকের এই লেখায় আমরা দেখব, নতুন eBRS সিস্টেমে কী কী পরিবর্তন এসেছে, কী কী কাগজপত্র লাগবে এবং কোম্পানি বা পার্টনারশিপ নিবন্ধনের ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে।

১. RJSC-এর নতুন ওয়েবসাইট কোনটি?

প্রথমেই জেনে নেওয়া যাক, নতুন RJSC পোর্টালটি কোনটি।

  • নতুন পোর্টালের ঠিকানা: https://ebrs.rjsc.gov.bd
  • আগে আমরা যে পোর্টালটি ব্যবহার করতাম, সেটি হলো: https://app.roc.gov.bd

এখন থেকে নামের ছাড়পত্র ও নিবন্ধনের নতুন আবেদনগুলো নতুন eBRS পোর্টালের মাধ্যমে করতে হবে।

পুরাতন পোর্টালে আগে যেসব আবেদন করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আবেদন ও তথ্য নতুন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সব ধরনের Draft বা অসম্পূর্ণ আবেদন স্থানান্তর হবে না। যেমন, ফি পরিশোধিত Draft স্থানান্তর করা হবে, কিন্তু ফি পরিশোধ করা হয়নি এমন Draft নতুন সিস্টেমে স্থানান্তর করা হবে না।

তাই আগে কোনো আবেদন করে থাকলে নতুন পোর্টালে সেটির অবস্থা যাচাই করে নেওয়া ভালো।

new rjsc system

২. নতুন সিস্টেমে নিবন্ধন করতে কী কী লাগবে?

এখন দেখা যাক, নতুন এই ওয়েবসাইটে কোনো কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করতে হলে কী কী তথ্য ও কাগজপত্র প্রয়োজন হবে।

  • প্রথমত, সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (NID) লাগবে।
  • দ্বিতীয়ত, প্রত্যেকের ই-টিআইএন (e-TIN) থাকতে হবে।
  • তৃতীয়ত, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বা PSR (Proof of Submission of Return) প্রয়োজন হবে।
  • চতুর্থত, সংশ্লিষ্ট ব্যক্তির নিজের NID-এর বিপরীতে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে।
  • পঞ্চমত, একটি সচল ই-মেইল অ্যাড্রেস থাকতে হবে, যেটির অ্যাক্সেস সংশ্লিষ্ট ব্যক্তির নিজের কাছে থাকবে।

এগুলো ছাড়াও কোম্পানির নাম, ঠিকানা, ব্যবসার উদ্দেশ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। কোম্পানির ক্ষেত্রে Memorandum of Association (MoA) ও Articles of Association (AoA) এবং পার্টনারশিপের ক্ষেত্রে Partnership Deed-সহ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে।

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, শুধু আবেদনকারীর নয়, কোম্পানির সংশ্লিষ্ট সকল শেয়ারহোল্ডার ও পরিচালকের এবং পার্টনারশিপের সংশ্লিষ্ট অংশীদারদের প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য ও সম্মতি লাগবে।

৩. NID, TIN ও মোবাইল নম্বর অটোমেটিক ভেরিফাই হবে

নতুন সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে Real-Time Verification বা স্বয়ংক্রিয় পরিচয় যাচাই। আগে আমরা RJSC-এর পোর্টালে অনলাইনে আবেদন জমা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদন ও কাগজপত্র ম্যানুয়ালি যাচাই করতেন। কিন্তু নতুন সিস্টেমে আবেদন করার সময়ই সংশ্লিষ্ট ব্যক্তির NID, TIN এবং মোবাইল নম্বরের তথ্য যাচাই করা হবে।

এক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে:

  • NID অনুযায়ী নাম ও অন্যান্য তথ্য সঠিক হতে হবে।
  • e-TIN-এর তথ্যের সঙ্গে পরিচয়সংক্রান্ত তথ্যের সামঞ্জস্য থাকতে হবে।
  • মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের NID দিয়ে নিবন্ধিত হতে হবে।

অর্থাৎ, আপনি যদি আপনার ভাই, বন্ধু বা অন্য কারও নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করেন, তাহলে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আবেদন করার আগেই প্রত্যেকের NID, e-TIN এবং মোবাইল নম্বরের তথ্য মিলিয়ে নেওয়া উচিত।

৪. আয়কর রিটার্নের প্রমাণক (PSR) লাগবে

নতুন সিস্টেমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, সকল নিবাসী শেয়ারহোল্ডার, পরিচালক ও সদস্যের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বা PSR স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে মনে রাখতে হবে, শুধু TIN থাকলেই হবে না; প্রযোজ্য ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণকও প্রস্তুত রাখতে হবে। কারণ নতুন সিস্টেমে এই তথ্য যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনীয় তথ্য বা প্রমাণক না থাকলে আবেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে NID ও TIN-এর পরিবর্তে বৈধ পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের সুস্পষ্ট স্ক্যান কপি জমা দিতে হবে।

৫. OTP ও E-Consent-এর মাধ্যমে সম্মতি দিতে হবে

নতুন সিস্টেমে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে OTP এবং E-Consent। আগে কোনো কোম্পানি নিবন্ধনের আবেদন করার সময় সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার বা পরিচালকদের স্বাক্ষরযুক্ত নথি জমা দেওয়া হতো। কিন্তু নতুন সিস্টেমে প্রত্যেক সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ডিজিটাল পদ্ধতিতে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, পরিচালক, অংশীদার বা সদস্যের নিবন্ধিত ই-মেইলে সম্মতিসংক্রান্ত লিংক ও প্রয়োজনীয় নথি পাঠানো হবে। এরপর মোবাইল বা ই-মেইলে প্রাপ্ত OTP ব্যবহার করে প্রত্যেককে নিজের সম্মতি নিশ্চিত করতে হবে। অর্থাৎ, আপনি যদি একটি কোম্পানিতে পাঁচজন শেয়ারহোল্ডার রাখেন, তাহলে শুধু একজন আবেদন করলেই হবে না; সংশ্লিষ্ট প্রত্যেকের সম্মতি নিশ্চিত করতে হবে। কোনো একজনের সম্মতি বাকি থাকলে আবেদনটি পরবর্তী ধাপে অগ্রসর হবে না। তাই কোম্পানি বা পার্টনারশিপ নিবন্ধনের আগে প্রত্যেকের সচল মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস নিশ্চিত করে নেওয়া জরুরি।

৬. নামের ছাড়পত্র (Name Clearance) কীভাবে পাওয়া যাবে?

কোম্পানি বা পার্টনারশিপ নিবন্ধনের আগে সাধারণত নামের ছাড়পত্র নিতে হয়। নতুন eBRS সিস্টেমে নামের ছাড়পত্রের আবেদন প্রথমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এরপর প্রাথমিক পর্যায়ে RJSC-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা পুনরায় যাচাই করে সিদ্ধান্ত দেবেন। নির্দেশনা অনুযায়ী, নামের ছাড়পত্রের আবেদন ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে সিস্টেমের অ্যালগরিদম আরও উন্নত হলে তাৎক্ষণিক স্বয়ংক্রিয় নামের ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। তবে নামের ছাড়পত্রের আবেদন বাতিল হলে প্রচলিত বিধি অনুযায়ী রিভিউ করার সুযোগ থাকবে।

৭. কোম্পানি নিবন্ধন কি এখন অটোমেটিক হবে?

নতুন সিস্টেমে কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আপনি যদি RJSC-এর নির্ধারিত Model Memorandum of Association এবং Articles of Association ব্যবহার করেন, তাহলে প্রয়োজনীয় সকল তথ্য, ফি, পরিচয় যাচাই ও OTP-এর মাধ্যমে সম্মতি নিশ্চিত হওয়ার পর আবেদনটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তাৎক্ষণিকভাবে অনুমোদিত ও নিবন্ধিত হওয়ার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে, আপনি যদি নিজের প্রয়োজন অনুযায়ী Customized MoA ও AoA প্রস্তুত করেন, তাহলে RJSC-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো যাচাই-বাছাই করে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত দেবেন।

এখানে আমার একটি পরামর্শ থাকবে।

সব কোম্পানির ব্যবসার ধরন, শেয়ার বণ্টন, পরিচালনা পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা এক রকম নয়। তাই শুধু দ্রুত নিবন্ধন পাওয়ার জন্য Model MoA ও AoA ব্যবহার না করে নিজের ব্যবসার প্রয়োজন অনুযায়ী সংঘস্মারক ও সংঘবিধি প্রস্তুত করা প্রয়োজন কি না, সেটি আগে বিবেচনা করুন।

৮. পার্টনারশিপ নিবন্ধনের ক্ষেত্রেও নতুন নিয়ম

নতুন eBRS সিস্টেম শুধু কোম্পানি নিবন্ধনের জন্য নয়; পার্টনারশিপ ফার্ম নিবন্ধনের ক্ষেত্রেও প্রযোজ্য। আগের মতোই পার্টনারশিপের ক্ষেত্রে Partnership Deed প্রস্তুত করতে হবে। তবে নতুন সিস্টেমে প্রত্যেক অংশীদারের পরিচয় যাচাই এবং ডিজিটাল সম্মতি নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই পার্টনারশিপ নিবন্ধনের আগে প্রত্যেক অংশীদারের NID, e-TIN, PSR, নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর এবং সচল ই-মেইল প্রস্তুত রাখা প্রয়োজন। এছাড়া Partnership Deed-এ মূলধন, লাভ-ক্ষতির অনুপাত, অংশীদারদের দায়িত্ব ও ক্ষমতা এবং ব্যবসা পরিচালনার শর্তগুলো সঠিকভাবে উল্লেখ করা জরুরি।

৯. নতুন সিস্টেম চালু হলেও কিছু কারিগরি সমস্যা রয়েছে

নতুন eBRS সিস্টেম ইতোমধ্যে চালু হয়েছে। তবে নতুন সিস্টেম হওয়ায় বর্তমানে ব্যবহারকারীরা কিছু কারিগরি সমস্যার বা Bug-এর সম্মুখীন হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তথ্য প্রদান, ভেরিফিকেশন, আবেদন প্রক্রিয়া বা অন্যান্য ধাপে সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তাই এখন আবেদন করতে গিয়ে কোনো কারিগরি সমস্যার সম্মুখীন হলে সেটিকে সবসময় আবেদনকারীর তথ্যের ভুল বলে ধরে নেওয়া ঠিক হবে না। প্রথমে তথ্যগুলো পুনরায় যাচাই করুন এবং প্রয়োজন হলে কিছু সময় পর আবার চেষ্টা করুন। সিস্টেমের নতুন আপডেট ও সমস্যার সমাধান সম্পর্কে জানতে RJSC-এর নতুন পোর্টাল এবং সংশ্লিষ্ট সহায়তা মাধ্যম অনুসরণ করতে পারেন।

১০. নতুন সিস্টেমে আবেদন করার আগে আমার পরামর্শ

আপনি যদি নতুন কোনো কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করতে চান, তাহলে আবেদন করার আগেই কয়েকটি বিষয় নিশ্চিত করুন:

  • ১. প্রত্যেক শেয়ারহোল্ডার, পরিচালক বা পার্টনারের NID প্রস্তুত রাখুন।
  • ২. প্রত্যেকের e-TIN-এর তথ্য যাচাই করুন।
  • ৩. মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব NID দিয়ে নিবন্ধিত কি না নিশ্চিত করুন।
  • ৪. প্রত্যেকের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক (PSR) প্রস্তুত রাখুন।
  • ৫. প্রত্যেকের সচল ই-মেইল অ্যাড্রেস নিশ্চিত করুন।
  • ৬. কোম্পানির ক্ষেত্রে MoA ও AoA এবং পার্টনারশিপের ক্ষেত্রে Partnership Deed সঠিকভাবে প্রস্তুত করুন।
  • ৭. সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে OTP ও E-Consent প্রদানের বিষয়ে আগে থেকেই জানিয়ে রাখুন।

এগুলো আগে থেকে প্রস্তুত থাকলে নতুন সিস্টেমে আবেদন করার সময় অপ্রয়োজনীয় জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব হবে।

শেষ কথা: শুধু অনলাইনে আবেদন নয়, আইনগত বিষয়গুলোও বুঝে নিন

নতুন eBRS সিস্টেমের মাধ্যমে কোম্পানি ও পার্টনারশিপ নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় হচ্ছে। তবে মনে রাখতে হবে, অনলাইনে শুধু ফরম পূরণ করে আবেদন দাখিল করলেই একটি ব্যবসা আইনগতভাবে সঠিক কাঠামোতে প্রতিষ্ঠিত হয় না। বরং নিবন্ধনের সময় দাখিল করা দলিলপত্রে কী কী বিধান ও শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলোর আইনগত কার্যকারিতা কী এবং ভবিষ্যতে সেগুলো ব্যবসা পরিচালনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার ও দায়-দায়িত্বের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা যথাযথভাবে বুঝে নেওয়া জরুরি।

উদাহরণস্বরূপ, RJSC নির্ধারিত Model Memorandum of Association (MoA) ও Articles of Association (AoA) ব্যবহার করে হয়তো তুলনামূলক দ্রুত কোম্পানি নিবন্ধন করা সম্ভব। কিন্তু নির্ধারিত মডেলের কোনো বিধান আপনার ব্যবসার প্রকৃতি, মালিকানা কাঠামো, বিনিয়োগের শর্ত কিংবা পরিচালনা পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না-ও হতে পারে। এমনকি কোনো কোনো বিধান ভবিষ্যতে পরিচালকদের ক্ষমতা, শেয়ার হস্তান্তর, সিদ্ধান্ত গ্রহণ, লভ্যাংশ বণ্টন কিংবা শেয়ারহোল্ডারদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে।

তাই শুধু দ্রুত নিবন্ধন সম্পন্ন করার উদ্দেশ্যে কোনো মডেল দলিলের বিধান না বুঝে গ্রহণ করা সমীচীন নয়। প্রতিটি ব্যবসার প্রকৃতি, মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামো, মূলধন বিনিয়োগ, পরিচালন পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনা ভিন্ন। সে কারণে ব্যবসার প্রয়োজন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতির ভিত্তিতে Customized MoA ও AoA অথবা Partnership Deed প্রস্তুত করা অনেক ক্ষেত্রে অধিক যুক্তিসংগত।

মনে রাখবেন, একটি জামা যেমন পরিবারের প্রত্যেক সদস্যের জন্য উপযুক্ত হয় না, তেমনি একটি নির্দিষ্ট কাঠামোর দলিলও সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত হতে পারে না। দলিলের শর্তাবলি সংশ্লিষ্ট ব্যবসার বাস্তবতা ও ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।

এছাড়া ব্যবসা শুরু করার আগে ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক সম্পদের আইনগত অবস্থান এবং পৃথকীকরণ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। বিশেষ করে ব্যবসার দায়-দেনা বা ঋণের বিপরীতে ব্যক্তিগত সম্পদ কতটুকু ঝুঁকির মধ্যে পড়তে পারে, ব্যবসায় লোকসান হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় কতটুকু হবে এবং তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতার পরিধি কী হবে—এসব বিষয় ব্যবসার আইনগত কাঠামোর ওপর নির্ভর করে।

উদাহরণস্বরূপ, একক মালিকানা ব্যবসা, পার্টনারশিপ ফার্ম এবং লিমিটেড কোম্পানির আইনগত সত্তা, মালিকানা ও দায়বদ্ধতার বৈশিষ্ট্য এক নয়। বিশেষ করে কোম্পানি একটি স্বতন্ত্র আইনগত সত্তা হওয়ায় সাধারণভাবে কোম্পানির দায় এবং শেয়ারহোল্ডারদের ব্যক্তিগত দায় পৃথক থাকে; তবে আইন ও সংশ্লিষ্ট পরিস্থিতিতে এর ব্যতিক্রম হতে পারে। অন্যদিকে, পার্টনারশিপের ক্ষেত্রে অংশীদারদের দায়ের প্রকৃতি ভিন্ন এবং সাধারণ নিয়মে ফার্মের কার্যকলাপের জন্য অংশীদারদের ব্যক্তিগত দায় সৃষ্টি হতে পারে।

একইভাবে ভবিষ্যতে নতুন শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারী যুক্ত করা, শেয়ার হস্তান্তর, অংশীদারের অবসর গ্রহণ বা অবসর গ্রহণে বাধ্য হওয়া, মৃত্যু, ব্যবসা বিলুপ্তি এবং অংশীদার বা শেয়ারহোল্ডারদের মধ্যে বিরোধ দেখা দিলে কীভাবে তার নিষ্পত্তি হবে—এসব বিষয়ও শুরুতেই যথাযথভাবে বিবেচনা করা প্রয়োজন।

সুতরাং, শুধু অনলাইনে আবেদন করার সুবিধার দিকে গুরুত্ব না দিয়ে প্রথমেই নির্ধারণ করুন, আপনার ব্যবসার জন্য কোন আইনগত কাঠামো উপযুক্ত, কী ধরনের দলিল প্রয়োজন এবং দলিলের কোন কোন বিধান আপনার ব্যবসার স্বার্থ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার সুরক্ষিত করবে।

আমার পরামর্শ, কোম্পানি বা পার্টনারশিপ নিবন্ধনের আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। কারণ নিবন্ধনের সময় একটি অসামঞ্জস্যপূর্ণ বা ত্রুটিপূর্ণ দলিল গ্রহণ করার ফলে ভবিষ্যতে মালিকানা, ব্যবস্থাপনা, আর্থিক দায়বদ্ধতা কিংবা ব্যবসায়িক সম্পর্ক নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এসব জটিলতা নিরসনে সংশোধন, পুনর্গঠন কিংবা আদালতের আশ্রয় নেওয়ার প্রয়োজনও হতে পারে।

মনে রাখবেন, নিবন্ধন সনদ আপনার ব্যবসার আইনগত পরিচয় নিশ্চিত করে; কিন্তু সঠিকভাবে প্রস্তুত করা MoA, AoA বা Partnership Deed আপনার ব্যবসার মালিকানা, পরিচালনা, অধিকার ও দায়-দায়িত্বের কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত নিবন্ধনের চেয়ে আইনসম্মত ও ভবিষ্যৎ উপযোগী কাঠামো তৈরি করাকে বেশি গুরুত্ব দিন।

Rayhanul Islam

রায়হানুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ল হেল্প বিডির প্রধান লেখক ও সম্পাদক। তার আইন পেশার পাশাপাশি তিনি আইনকে সহযে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি, মনোবিজ্ঞান এবং দর্শনে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রয়োজনে: rayhan@lawhelpbd.com more at lawhelpbd.com/rayhanul-islam

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!