উৎসে কর কি? কেন কাটা হয় ও কিভাবে সমন্বয় হয়।

মাস শেষে বেতনের স্লিপ হাতে নিয়ে দেখলেন, আয়কর বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে। ব্যাংকে FDR-এর মেয়াদ শেষে মুনাফা নিতে গিয়েও একই অভিজ্ঞতা, সঞ্চয়পত্রের মুনাফাতেও তাই। আবার ব্যবসায়ী হলে দেখবেন, পণ্য বা সেবা দেওয়ার পর ক্রেতা প্রতিষ্ঠান আপনার বিল থেকে একটা অংশ রেখে বাকিটা পরিশোধ করছে। এই কেটে রাখা টাকাটাই উৎসে কর।

এই লেখায় পাচ্ছেন:

নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, আমি তো এখনো রিটার্নই জমা দিইনি, তাহলে আগে থেকেই কেন উৎসে কর কর্তন হচ্ছে? এই টাকা কি সরকার একেবারে নিয়ে নিল, নাকি পরে আমার করের সঙ্গে হিসাব হবে? আর বেশি কাটা হলে কি ফেরত পাওয়া যায়? চলুন বিষয়গুলো খুব সহজে বুঝে নেওয়া যাক।

এখানে ক্লিক করে সরসরি ভিডিওতে চলে যান তবে সম্পূর্ন তথ্য চাইলে পুরো ব্লগটা পড়ুন।

উৎসে কর কর্তন কি?

উৎসে কর কর্তন (Tax Deducted at Source, সংক্ষেপে TDS) মানে হলো, আপনি যেখান থেকে টাকা পাবেন, সেখানেই, অর্থাৎ টাকার উৎসেই, আইনে নির্ধারিত হারে কিছু টাকা আয়কর হিসেবে কেটে রেখে বাকিটা আপনাকে দেওয়া। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা কাটল, তার দায়িত্ব সেই টাকা আপনার নামে সরকারি কোষাগারে জমা দেওয়া।

বাংলাদেশে উৎসে কর কর্তনের আইনি ভিত্তি আয়কর আইন, ২০২৩ (Income Tax Act, 2023)। এই আইনের ধারা ৮৬ থেকে ১৩৯ পর্যন্ত বিভিন্ন ধরনের অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। ব্যাংক সুদ, সঞ্চয়পত্র, ভাড়া বা লভ্যাংশের মতো অনেক ক্ষেত্রের হার আইনেই দেওয়া আছে। আর পণ্য সরবরাহ, সেবা, অনিবাসীকে পরিশোধ, আমদানি ও সম্পত্তি হস্তান্তরের মতো ক্ষেত্রে হার, সঙ্গে কর জমার সময়সীমা ও সনদের নিয়ম দেওয়া আছে উৎসে কর বিধিমালা, ২০২৬-এ। জাতীয় রাজস্ব বোর্ড ০৮ জুন ২০২৬ তারিখে এস,আর,ও নং ২১০-আইন/আয়কর-১/২০২৬ জারি করে এই বিধিমালা প্রণয়ন করেছে। এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং আগের উৎসে কর বিধিমালা, ২০২৪ রহিত করেছে।

চলুন একটা উদাহরণ দেখি। ধরুন, আপনি একটি কোম্পানিকে ১,০০,০০০ টাকার পণ্য সরবরাহ করলেন এবং ওই পণ্যের ক্ষেত্রে ৩% হার প্রযোজ্য। কোম্পানিটি ৩,০০০ টাকা উৎসে কর হিসেবে কেটে রেখে আপনাকে ৯৭,০০০ টাকা দেবে, আর ওই ৩,০০০ টাকা আপনার নামে সরকারি কোষাগারে জমা দেবে।

অর্থাৎ উৎসে কর কোনো আলাদা বা অতিরিক্ত কর নয়। এটি আপনার বছরের আয়করের একটা অংশ আগাম আদায়ের পদ্ধতি। এতে সরকার সময়মতো রাজস্ব পায়, আর আপনাকেও বছর শেষে একসাথে বড় অঙ্কের কর দিতে হয় না।

কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসে কর কর্তন হয়?

আইনে অসংখ্য ধরনের অর্থ পরিশোধে উৎসে কর কর্তনের কথা বলা আছে, তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবনে মূলত সাতটি ক্ষেত্রই বারবার আসে।

১. বেতন থেকে উৎসে কর কেন কাটা হয়? (ধারা ৮৬)

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৮৬ অনুযায়ী নিয়োগকর্তা আপনার সম্ভাব্য বার্ষিক আয় হিসাব করে প্রতি মাসের বেতন থেকে উৎসে কর কেটে রাখেন। এখানে সবার জন্য একই হার নেই; আপনার মোট আয়, করমুক্ত সীমা ও কর রেয়াত মিলিয়ে যে বার্ষিক কর দাঁড়ায়, তা-ই মাসে মাসে ভাগ করে কাটা হয়।

ধরুন, হিসাব করে দেখা গেল বছরে আপনার আয়কর হবে ৬০,০০০ টাকা। তাহলে নিয়োগকর্তা মাসে ৫,০০০ টাকা করে কাটবেন। অর্থাৎ বেতন কম পাওয়া মানে অফিস ইচ্ছামতো টাকা রেখে দিচ্ছে না, আপনার করই আগাম জমা হচ্ছে। উল্লেখ্য, আগের বছরের কম-বেশি কর্তন চলতি বছরের বেতনের উৎসে করে সমন্বয় করা হয় না; সেটি হিসাব হয় আপনার রিটার্নে।

২. পণ্য সরবরাহের বিল থেকে উৎসে কর (ধারা ৮৯)

কোনো কোম্পানি বা আইনে উল্লেখিত নির্দিষ্ট ব্যক্তি (Specified Person) আপনার কাছ থেকে পণ্য কিনলে বিল পরিশোধের সময় ধারা ৮৯ অনুযায়ী উৎসে কর কাটে। উৎসে কর বিধিমালা, ২০২৬-এর বিধি ৩ অনুযায়ী হার পণ্যভেদে ভিন্ন, ০.৫% থেকে ১০% পর্যন্ত। যেমন, ধান, চাল, মাছ, মাংস, ডালের মতো কৃষিপণ্যে ০.৫%, সব ধরনের ফলে ২%, শিল্পের কাঁচামাল ও প্যাকিং ম্যাটেরিয়ালে ৩%, আর ম্যানুফ্যাকচারিং, নির্মাণ বা প্রকৌশল কাজে ৫%। বিধিমালার তালিকায় আলাদা করে উল্লেখ নেই এমন পণ্য সরবরাহে হার ৫%। তবে পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশনের তেল-গ্যাস সরবরাহে উৎসে কর কাটা হয় না।

ধরুন, ৫,০০,০০০ টাকার পণ্যে ৩% হার প্রযোজ্য। ক্রেতা ১৫,০০০ টাকা কেটে আপনাকে ৪,৮৫,০০০ টাকা দেবে। অনেক সরবরাহকারী না বুঝে মনে করেন ক্রেতা টাকা কম দিল; আসলে সেটি আপনারই কর, তাই প্রতিটি উৎসে কর কর্তনের সনদ ও চালান চেয়ে নিন।

৩. সেবার বিল থেকে উৎসে কর (ধারা ৯০)

পরামর্শ, কারিগরি সেবা, ইন্টারনেট, নিরাপত্তা বা পরিচ্ছন্নতার মতো সেবার বিল পরিশোধের সময় ধারা ৯০ অনুযায়ী উৎসে কর কাটতে হয়। উৎসে কর বিধিমালা, ২০২৬-এর বিধি ৪ অনুযায়ী এখানে হার নির্ভর করে দুটি জিনিসের ওপর: সেবার ধরন, আর সেবাদাতা স্বাভাবিক ব্যক্তি নাকি প্রতিষ্ঠান।

  • উপদেষ্টা, পরামর্শক বা পেশাদার সেবা (Professional Service): ব্যক্তিকে দিলে ১৫%, ফার্ম বা কোম্পানিকে দিলে ৭.৫%
  • কারিগরি সেবা (Technical Service): ব্যক্তিকে ১৫%, অন্যদের ১০%
  • মিটিং ফি, ট্রেনিং ফি বা সম্মানী: ২০%
  • ইন্টারনেট সেবা: ৫%
  • ক্যাটারিং, ইভেন্ট পরিচালনা, কুরিয়ার, প্রশিক্ষণ বা কর্মশালা পরিচালনার মতো সেবা: মোট বিলের ৪%
  • পরিবহন সেবা, গাড়ি ভাড়া, মেরামত ও রক্ষণাবেক্ষণ: ২%
  • পরিচ্ছন্নতা, ব্যক্তিগত নিরাপত্তা বা জনবল সরবরাহ: কমিশনের ওপর ১০%, মোট বিলের ওপর ১%
  • তালিকায় নেই এমন অন্য যেকোনো সেবা: ১০%

ধরুন, একটি কোম্পানি একজন ব্যক্তিগত পরামর্শককে (Individual Consultant) ১,০০,০০০ টাকা ফি দেবে। কোম্পানি ১৫,০০০ টাকা কেটে রেখে তাকে ৮৫,০০০ টাকা পরিশোধ করবে। অথচ একই কাজ কোনো কনসালটিং ফার্ম করলে কাটা হতো ৭,৫০০ টাকা।

৪. ব্যাংকের সুদ বা মুনাফা থেকে উৎসে কর (ধারা ১০২)

FDR, DPS বা সঞ্চয়ী হিসাবের সুদ বা মুনাফা দেওয়ার সময় ব্যাংক ধারা ১০২ অনুযায়ী উৎসে কর কাটে। সাধারণভাবে ব্যক্তির ক্ষেত্রে হার ১০%, আর কোম্পানি, ট্রাস্ট বা সমিতির (Association of Persons) ক্ষেত্রে ২০%। ধরুন, বছরে আপনার FDR-এর মুনাফা ১,০০,০০০ টাকা; ব্যাংক ১০,০০০ টাকা কেটে আপনাকে ৯০,০০০ টাকা দেবে।

৫. সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর (ধারা ১০৫)

সঞ্চয়পত্রের মুনাফা দেওয়ার সময় ধারা ১০৫ অনুযায়ী ১০% উৎসে কর কাটা হয়। ১ জুলাই ২০২৬ থেকে অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে এখানে বড় পরিবর্তন এসেছে: আগে এই কর্তনই ছিল চূড়ান্ত কর (Final Tax), এখন এটি আর স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না; বরং নিয়মিত কর হিসাবের আওতায় আসবে। ফলে আপনার প্রকৃত করের চেয়ে বেশি কাটা হলে সেই টাকা সমন্বয় বা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই পরিবর্তন এসেছে সম্পত্তি হস্তান্তর এবং অধিগ্রহণের ক্ষতিপূরণ থেকে পাওয়া মূলধনি লাভের (Capital Gain) করের ক্ষেত্রেও।

ধরুন, বছরে আপনার সঞ্চয়পত্রের মুনাফা ৫,০০,০০০ টাকা, কাটা হলো ৫০,০০০ টাকা। রিটার্নে হিসাব করে দেখা গেল আপনার প্রকৃত কর ৪০,০০০ টাকা। তাহলে বাকি ১০,০০০ টাকা আপনি ফেরত পাবেন, অথবা অন্য করের সঙ্গে সমন্বয় করতে পারবেন।

তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে। আগে পেনশনার সঞ্চয়পত্রে ৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগের মুনাফায় উৎসে কর কাটা হতো না। নতুন অর্থ আইনের পর এই অব্যাহতি আগের মতোই আছে কি না, তা মুনাফা তোলার আগে সংশ্লিষ্ট ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে জেনে নিন।

৬. লভ্যাংশ (Dividend) থেকে উৎসে কর (ধারা ১১৭)

আপনি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার হলে লভ্যাংশ দেওয়ার সময় কোম্পানি ধারা ১১৭ অনুযায়ী উৎসে কর কাটবে। বর্তমানে ব্যক্তি শেয়ারহোল্ডারের ক্ষেত্রে হার ১৫% এবং কোম্পানি বা অন্যান্য শেয়ারহোল্ডারের ক্ষেত্রে ২০%। ১,০০,০০০ টাকা লভ্যাংশে আপনি পাবেন ৮৫,০০০ টাকা।

এখানে অনেকে গুলিয়ে ফেলেন। কোম্পানি নিজে যে আয়কর দেয়, আর আপনাকে দেওয়া লভ্যাংশ থেকে যে উৎসে কর কাটে, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

৭. বাড়ি বা অফিস ভাড়া থেকে উৎসে কর (ধারা ১০৯)

কোনো কোম্পানি বা নির্দিষ্ট ব্যক্তি বাড়ি, অফিস, গুদাম, খালি জায়গা বা যন্ত্রপাতি ভাড়া নিলে ভাড়া পরিশোধের সময় ধারা ১০৯ অনুযায়ী ১০% উৎসে কর কাটবে। মাসিক ১,০০,০০০ টাকা ভাড়ায় বাড়িওয়ালা পাবেন ৯০,০০০ টাকা, বাকি ১০,০০০ টাকা যাবে তার নামে সরকারি কোষাগারে। অনেক বাড়িওয়ালা গোটা ভাড়া দাবি করে ঝামেলা করেন; অথচ আইন অনুযায়ী না কাটলে ভাড়াটিয়া কোম্পানিই বিপদে পড়বে।

ভিডিও

এক নজরে আয়কর আইনের ধারা ৮৬–১৩৯: কোন ধারায় কীসের ওপর উৎসে কর?

নিচের টেবিলে উৎসে কর কর্তনের ধারাগুলো ও সাধারণ হার সংক্ষেপে দেওয়া হলো। ধারা ১০৩ ও ১১৩ বিলুপ্ত। প্রকৃত হার নির্ভর করে আয়কর আইন, ২০২৩, উৎসে কর বিধিমালা, ২০২৬ ও সর্বশেষ সংশোধনীর ওপর।

ধারা বিষয় সাধারণ হার বা হার নির্ধারণের ভিত্তি
৮৬ বেতন (Salary) কর্মীর সম্ভাব্য বার্ষিক আয়ের গড় করহার অনুযায়ী
৮৭ নির্দিষ্ট তহবিল থেকে পরিশোধ বিধিমালা অনুযায়ী
৮৮ Participatory Fund, Welfare Fund ও Workers Welfare Foundation Fund ১০%
৮৯ পণ্য সরবরাহ, উৎপাদন, প্রক্রিয়াকরণ ও চুক্তিভিত্তিক কাজ পণ্য ও কাজভেদে ০.৫%–১০%; তালিকায় নেই এমন পণ্যে ৫%
৯০ সেবা (Services) পেশাগত সেবায় ব্যক্তি ১৫%, ফার্ম/কোম্পানি ৭.৫%; কারিগরি সেবায় ১৫% বা ১০%; তালিকায় নেই এমন সেবায় ১০%
৯১ রয়্যালটি, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজি, ট্রেডমার্ক, পেটেন্ট ও কপিরাইট ১০%
৯২ বিজ্ঞাপন ও মিডিয়া ৫%
৯৩ অভিনেতা, অভিনেত্রী ও পারফর্মারদের পারিশ্রমিক ১০%
৯৪ কমিশন, ডিসকাউন্ট, ফি অর্থের ধরনভেদে; সাধারণ কমিশনে ১০%
৯৫ ট্রাভেল এজেন্টের কমিশন নির্দিষ্ট ক্ষেত্রে ০.৩%
৯৬–৯৯ নির্দিষ্ট অর্থ পরিশোধ, স্থানীয় Letter of Credit ইত্যাদি সংশ্লিষ্ট বিধান অনুযায়ী
১০০ বীমা কমিশন ৫%
১০১ সাধারণ বীমার সার্ভেয়ার ফি ১৫%
১০২ ব্যাংক আমানত ও সঞ্চয়ের সুদ বা মুনাফা ব্যক্তি ১০%; কোম্পানি, ট্রাস্ট ও AOP ২০%
১০৪ ঋণের সুদ পরিশোধ ১০%
১০৫ সঞ্চয়পত্রের মুনাফা ১০% (অর্থ আইন, ২০২৬ অনুযায়ী আর চূড়ান্ত কর নয়; সমন্বয়যোগ্য)
১০৬ সিকিউরিটিজের সুদ কোম্পানি ১৫%; অন্যান্য ১০%
১০৭ বাংলাদেশ ব্যাংক বিলের সুদ বিধান অনুযায়ী
১০৮ আন্তর্জাতিক টেলিফোন কল থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট ক্ষেত্রে ৭.৫%
১০৯ বাড়ি, অফিস, গুদাম বা নির্দিষ্ট সম্পত্তির ভাড়া ১০%
১১০ কনভেনশন হল, কমিউনিটি সেন্টার বা রেস্টুরেন্ট ভাড়া ১০%
১১১–১১২ ক্ষতিপূরণ ও নির্দিষ্ট অর্থ পরিশোধ বিধান অনুযায়ী
১১৪ বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে অর্থ পরিশোধ নির্দিষ্ট ক্ষেত্রে ৪%
১১৫–১১৬ ডেভেলপার কর্তৃক জমির মালিককে পরিশোধ; বিদেশি ক্রেতার এজেন্ট বিধান অনুযায়ী
১১৭ লভ্যাংশ (Dividend) ব্যক্তি ১৫%; অন্যান্য ২০%
১১৮ লটারি, গেম, প্রতিযোগিতা ও পুরস্কার ২৫%
১১৯ অনিবাসীকে (Non-resident) পরিশোধ অর্থের ধরনভেদে, সর্বোচ্চ ৩০%
১২০–১২২ আমদানি, জনশক্তি রপ্তানি, C&F Agent পণ্য ও বিধান অনুযায়ী; বিধিমালার সারণীতে নেই এমন আমদানি পণ্যে ৫%
১২৩ রপ্তানি আয় নির্দিষ্ট ক্ষেত্রে ১%
১২৪ নির্দিষ্ট বিদেশি সেবা ও রেমিট্যান্স নির্দিষ্ট ক্ষেত্রে ৭.৫%
১২৫–১২৬ সম্পত্তি হস্তান্তর; রিয়েল এস্টেট ডেভেলপার এলাকা ও সম্পত্তির ধরনভেদে; ডেভেলপারের ক্ষেত্রে ঢাকাসহ ৭ জেলায় ৫%, অন্য জেলায় ৩%
১২৭–১৩০ স্ট্যাম্প ও কোর্ট ফি, লিজ, সিগারেট, ইটভাটা বিধান অনুযায়ী
১৩১ ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়ন সিটি করপোরেশন/পৌরসভার শ্রেণিভেদে নির্দিষ্ট অঙ্ক
১৩২–১৩৭ শিপিং, নিলাম, শেয়ার হস্তান্তর ও স্টক এক্সচেঞ্জ বিধান অনুযায়ী
১৩৮–১৩৯ বাণিজ্যিক মোটরযান ও অভ্যন্তরীণ নৌযানের অগ্রিম কর ধরন ও ধারণক্ষমতাভেদে নির্দিষ্ট অঙ্ক

 

উৎসে কর্তিত টাকা কি ফেরত পাওয়া যায়?

সহজ উত্তর, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ।

  • রিটার্নে সমন্বয়: আপনার টাকা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে উৎসে কর কাটে, আয়কর রিটার্ন দাখিলের সময় তা আপনার মোট করের সঙ্গে সমন্বয় করা যায়। ধরুন, বছরে আপনার কর ৫০,০০০ টাকা, আর উৎসে কাটা হয়েছে ৩৫,০০০ টাকা। তাহলে রিটার্নের সময় আপনাকে দিতে হবে বাকি ১৫,০০০ টাকা।
  • ন্যূনতম কর হলে ফেরত নেই: কিছু ক্ষেত্রে উৎসে কর্তিত করকে ন্যূনতম কর (Minimum Tax) হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে আপনার প্রকৃত কর কম হলেও কাটা টাকা ফেরত পাওয়া যায় না। ধরুন, কোনো আয়ের ওপর ২০,০০০ টাকা কাটা হয়েছে এবং সেটি ন্যূনতম কর। হিসাব করে আপনার কর ১২,০০০ টাকা এলেও বাকি ৮,০০০ টাকা ফেরত আসবে না।
  • অন্য ক্ষেত্রে সমন্বয় বা ফেরত: নিয়মিত হিসাবে আপনার যে কর দাঁড়ায়, তার চেয়ে বেশি উৎসে কর কাটা ও জমা হলে বাড়তি টাকা ফেরত (Refund) পাওয়া যায়, অথবা আগের বা পরের বছরের করদায়ের সঙ্গে সমন্বয় করা যায়। ধরুন, আপনার কর ৪০,০০০ টাকা, কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা থেকে কাটা হয়েছে ৫০,০০০ টাকা। বাড়তি ১০,০০০ টাকা আপনি ফেরত পাবেন, অথবা পরের করের সঙ্গে সমন্বয় করতে পারবেন। অর্থ আইন, ২০২৬-এ নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যক্তি করদাতার জন্য স্বয়ংক্রিয় রিফান্ডের সুযোগও রাখা হয়েছে।
  • শর্ত একটাই, টাকা জমা হতে হবে: কাটা টাকার ক্রেডিট বা ফেরত পেতে হলে সেটি সত্যিই আপনার নামে সরকারি কোষাগারে জমা হতে হবে, আর আপনার হাতে সনদ বা প্রমাণপত্র থাকতে হবে। কিছু নির্দিষ্ট খাতে চূড়ান্ত করের বিশেষ বিধানও প্রযোজ্য হতে পারে।
  • আগেই কম বা শূন্য হারে কাটানোর সুযোগ: কোনো আয়বর্ষে আপনার আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হলে, পণ্য বা সেবার বিলের ক্ষেত্রে আপনি জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করতে পারেন। বোর্ড যাচাই করে সনদ দিলে উৎসে কর কাটা হবে না, বা কম হারে কাটা হবে (উৎসে কর বিধিমালা, ২০২৬-এর বিধি ৩(৪) ও ৪(২))। এতে পরে ফেরতের জন্য অপেক্ষা করতে হয় না।

উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব কী?

টাকা কেটে রাখলেই দায়িত্ব শেষ হয় না। উৎসে কর কর্তনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী চারটি কাজ করতে হয়:

  • সঠিক হারে কর্তন: বিধিমালা অনুযায়ী প্রযোজ্য হারে কর কাটতে হবে, অনুমানে নয়।
  • সময়মতো জমা: উৎসে কর বিধিমালা, ২০২৬-এর বিধি ৯ অনুযায়ী জুলাই থেকে মে মাসের মধ্যে কাটা টাকা, যে মাসে কাটা হলো সেই মাস শেষ হওয়ার পরবর্তী ২ (দুই) সপ্তাহের মধ্যে এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অর্থবছরের শেষ মাস জুনে সময় আরও কম: ১ থেকে ২০ জুনের কর্তন ৭ (সাত) দিনের মধ্যে, বাকি দিনগুলোর কর্তন পরের দিন, আর শেষ কর্মদিবসের কর্তন সেদিনই জমা দিতে হয়।
  • সনদ প্রদান: ধারা ১৪৫ ও বিধি ১০ অনুযায়ী যার টাকা কাটা হলো, তাকে উৎসে কর কর্তনের সনদ (Withholding Tax Certificate) দিতে হবে, সাথে জমার এ-চালান। সনদ দিতে হবে কর্তনের পরবর্তী মাসের ২ (দুই) সপ্তাহের মধ্যে, অথবা প্রাপক যেন সময়মতো নিজের কর পরিশোধ করতে পারেন, এমন সময়ের মধ্যে।
  • রিটার্ন দাখিল: ধারা ১৭৭ ও বিধি ১৩ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে উৎসে কর কর্তন ও জমার বিবরণী (Withholding Tax Return) নির্ধারিত ফরমে জমা দিতে হবে।

উৎসে কর না কাটলে, কম কাটলে বা কেটে জমা না দিলে ধারা ১৪৩ অনুযায়ী ওই টাকার দায় কর্তনকারীর ঘাড়েই আসে, সাথে অতিরিক্ত অর্থও আরোপ হতে পারে।

আরেকটি বিষয় অনেকে জানেন না। কেউ যদি চুক্তি করে উৎসে কর না কেটে পুরো টাকা দিয়ে দেন, তাহলে বিধি ১২ অনুযায়ী প্রদত্ত টাকাকে কর-সহ মূল অঙ্ক ধরে (Gross-up) তার ওপর কর হিসাব করা হয়। অর্থাৎ “কর কাটবেন না, পুরো টাকা দিন” ধরনের সমঝোতায় শেষে পরিশোধকারীরই খরচ বাড়ে।

আমরা লক্ষ করেছি, অনেক ছোট প্রতিষ্ঠান টাকা কেটে রাখে কিন্তু জমা দেয় দেরিতে বা দেয়ই না। এতে যার টাকা কাটা হলো তিনি ক্রেডিট পান না, আর প্রতিষ্ঠানটি নিজেই দায়ে পড়ে।

রিটার্নে উৎসে কর্তিত করের ক্রেডিট নিতে কী কী কাগজ লাগে?

বছরজুড়ে যে টাকা উৎসে কাটা হলো, রিটার্নে তার ক্রেডিট নিতে হলে প্রমাণ লাগবে। আগে থেকেই এগুলো এক জায়গায় গুছিয়ে রাখুন:

  • উৎসে কর কর্তনের সনদ (Withholding Tax Certificate): নিয়োগকর্তা, ক্রেতা বা ভাড়াটিয়ার কাছ থেকে নিন; না দিলে লিখিতভাবে চাইবেন।
  • ব্যাংকের সুদ/মুনাফার বিবরণী: যেখানে মুনাফা ও কর্তিত কর আলাদা করে লেখা থাকে।
  • সঞ্চয়পত্রের মুনাফার বিবরণী: ফেরত দাবি করতে হলে এটি অপরিহার্য।
  • লভ্যাংশের বিবরণী (Dividend Warrant): কোম্পানি বা ব্রোকারেজ হাউস থেকে পাওয়া যায়।
  • বিল, ইনভয়েস, চুক্তি ও চালানের কপি: ব্যবসায়ীদের জন্য সবচেয়ে জরুরি; কোন বিলের বিপরীতে কোন চালান, তা মিলিয়ে রাখুন।

সুখবর হলো, বিধি ১০(৬) অনুযায়ী বিল অব এন্ট্রি, রেজিস্ট্রেশন দলিল, ব্যাংক বিবরণী বা কর্তনের বিবরণ সংবলিত পরিশোধের দলিলও সনদ হিসেবে গণ্য হতে পারে। তাই ব্যাংকের সুদ বা সঞ্চয়পত্রের ক্ষেত্রে, যেখানে কাটা করের পরিমাণ লেখা থাকে, সেই বিবরণী যত্ন করে রাখুন। তবে বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তার নির্ধারিত ফরমের সনদই লাগবে।

এরপর রিটার্নে সংশ্লিষ্ট আয়ের পাশাপাশি উৎসে কর্তিত করের ঘরে প্রতিটি কর্তন আলাদা করে দেখাবেন।

বিশেষ দ্রষ্টব্য: শুধু বিল থেকে টাকা কাটা হয়েছে, এই প্রমাণ যথেষ্ট নয়। ওই টাকা সত্যিই আপনার TIN-এ সরকারি কোষাগারে জমা হয়েছে কি না, সেটিই আসল প্রশ্ন। চালান নম্বর দিয়ে অনলাইনে যাচাই করে নিন।

উৎসে কর কর্তন নিয়ে সাধারণ ভুলগুলো কী?

  • সনদ না নেওয়া: টাকা কাটা হলো, অথচ সনদ নেওয়া হলো না; ফলে রিটার্নে ক্রেডিট দাবি করা কঠিন হয়ে যায়।
  • ভুল হারে কর্তন: সেবাকে পণ্য ধরে বা ব্যক্তিকে ফার্ম ধরে কাটলে কর্তনকারী ও প্রাপক দুজনকেই পরে জটিলতায় পড়তে হয়।
  • সব উৎসে কর ফেরতযোগ্য ভাবা: ন্যূনতম করের আওতায় পড়লে বাড়তি টাকা ফেরত আসে না।

হাতে কত টাকা এলো শুধু সেটি নয়, কত টাকা উৎসে কাটা হলো আর তার প্রমাণ আছে কি না, সেটিও প্রতিবার মিলিয়ে নিন।

শেষ কথা

উৎসে কর কর্তন আসলে আপনার আয়করের আগাম কিস্তি, সরকারের কোনো অতিরিক্ত আদায় নয়। আপনার টাকা কোন ধারায়, কত হারে কাটা হলো এবং সেটি সরকারি কোষাগারে জমা হলো কি না, তা জানা আপনার অধিকার। অর্থ আইন, ২০২৬-এর পর সঞ্চয়পত্রসহ অনেক ক্ষেত্রে বাড়তি কর ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, তাই কাগজপত্র গুছিয়ে রাখা এখন আগের চেয়ে আরও জরুরি।

আপনি যদি নিজেই সনদ সংগ্রহ করে রিটার্নে সঠিকভাবে দেখাতে পারেন, তাহলে খুব ভালো। কিন্তু ব্যবসায়ী হলে, অনেক ধরনের বিল থাকলে বা ফেরত দাবি করতে চাইলে এই বিষয়গুলো একজন বিজ্ঞ আইনজীবী বা কর আইনজীবীর পরামর্শক্রমে করাই শ্রেয়। আয়কর রিটার্ন, উৎসে কর সমন্বয় কিংবা কর ফেরতের আবেদনে প্রয়োজনে আমাদের অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের সাহায্যও নিতে পারেন।

উল্লেখ্য, উৎসে করের হার ও শর্ত প্রায় প্রতি বছর বাজেটে বদলায়। এই লেখায় উল্লেখিত হারগুলো সাধারণ ধারণার জন্য; প্রকৃত লেনদেনের আগে সর্বশেষ আইন, বিধিমালা ও NBR-এর প্রজ্ঞাপন মিলিয়ে নিন।

প্রয়োজনীয় আইন ও বিধিমালা

১. আয়কর আইন, ২০২৩ (Income Tax Act, 2023): জাতীয় রাজস্ব বোর্ড

২. উৎসে কর বিধিমালা, ২০২৬ (এস,আর,ও নং ২১০-আইন/আয়কর-১/২০২৬, তারিখ: ০৮ জুন ২০২৬): জাতীয় রাজস্ব বোর্ড

৩. অর্থ আইন, ২০২৬ (Finance Act, 2026)

[ভিডিও: ইউটিউব লিংক]

 

লেখক
মো: রায়হানুল ইসলাম
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
যোগাযোগ: ০১৭১১৩৮৬১৪৬

Rayhanul Islam

রায়হানুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ল হেল্প বিডির প্রধান লেখক ও সম্পাদক। তার আইন পেশার পাশাপাশি তিনি আইনকে সহযে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি, মনোবিজ্ঞান এবং দর্শনে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রয়োজনে: rayhan@lawhelpbd.com more at lawhelpbd.com/rayhanul-islam

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!